আলমডাঙ্গায় কোরআন শরীফ কেনার সাহায্যের কথা বলে হুজুরবেশী তিন দুষ্কৃতিকারীর বাড়িতে প্রবেশ : স্বর্ণের চেইন নিয়ে উধাও
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় কোরআন শরীফ কেনার সাহায্যের কথা বলে হুজুরবেশী তিন দুষ্কৃতিকারীর বাড়িতে প্রবেশ : স্বর্ণের চেইন নিয়ে উধাও
ধর্মীয় আবেগকে পুঁজি করে প্রতারণার নতুন কৌশল। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ কেনার অনুদান চাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ, মৃত স্বজনের জন্য দোয়া করার আশ্বাস, পানি ও চালের ওপর দোয়া পড়ার নামে নানা ধর্মীয় আচার—সবশেষে ঘরে থাকা স্বর্ণের চেইন নিয়ে উধাও। আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় ঘটে যাওয়া এমন একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হুজুরবেশী তিন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, ২৮ জুলাই মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে কলেজপাড়ার মৃত শাহান আলী মিয়ার ছোট ছেলে কুইন মিয়ার বাড়ির সামনে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে থামেন। মোটরসাইকেলের চালক সাধারণ পোশাকে থাকলেও তার পেছনে বসা দুই ব্যক্তি হুজুরের বেশে বাড়ির ভেতরে প্রবেশ করেন। সে সময় কুইন মিয়া বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন তার স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে।
বাড়িতে প্রবেশ করে তারা নিজেদের একটি মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত পরিচয় দিয়ে শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ কেনার উদ্দেশ্যে ৫ হাজার টাকা অনুদান চান। কুইন মিয়ার স্ত্রী সামর্থ্য অনুযায়ী তাদের ২০০ টাকা দেন। একপর্যায়ে তিনি সম্প্রতি মারা যাওয়া মেয়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে অনুরোধ করলে সেই সুযোগটি কাজে লাগায় অভিযুক্তরা।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, দোয়ার আগে হুজুরবেশী দুই ব্যক্তি এক গ্লাস পানি ও কিছু চাল এনে দিতে বলেন। তারা জানান, এসবের ওপর দোয়া পড়লে পরিবারের অকল্যাণ দূর হবে এবং কল্যাণ বয়ে আসবে। পরে তারা নামাজও আদায় করেন। ধর্মীয় পরিবেশ তৈরি করে নানা কথাবার্তা ও কৌশলের মাধ্যমে গৃহবধূকে ব্যস্ত ও বিভ্রান্ত রাখার একপর্যায়ে ঘরে থাকা কুইন মিয়ার মেয়ের স্বর্ণের চেইন হাতিয়ে নেন বলে অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, বাড়ির বাইরে আগে থেকেই মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন তাদের আরেক সহযোগী। দুই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনজনই দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। তাদের তড়িঘড়ি করে সটকে পড়ার ঘটনায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তারা।
ঘটনার পর কলেজপাড়াসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সম্প্রতি ধর্মীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। কখনও অনুদান, কখনও দোয়া-দরুদ, আবার কখনও তাবিজ-কবজের কথা বলে তারা মানুষের বাড়িতে প্রবেশের সুযোগ নেয়। এরপর সুযোগ বুঝে চুরি কিংবা প্রতারণা করে পালিয়ে যায়।
স্থানীয় সচেতন মহল সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, অপরিচিত ব্যক্তি ধর্মীয় পোশাক পরিহিত হলেই তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। পরিচয় যাচাই ছাড়া কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৭ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৮ ঘন্টা আগে